গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের পরদিন অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বার্তায় জানানো হয়, গ্রেপ্তারকৃতরা সরাসরি ওই মিছিলে অংশগ্রহণ করেছিলেন।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে গুলশান-১ এলাকায় আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী জড়ো হয়ে একটি মিছিল বের করেন। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে মিছিলকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও দুই রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
মিছিল চলাকালেই ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা ককটেলসহ দুইজনকে আটক করেছিল পুলিশ। পরবর্তীতে ওই ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।
ওসি দাউদ হোসেন বলেন, "ঘটনাস্থল থেকে আটক দুজনসহ মোট ৩২ জনকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে।" মিছিলে অংশ নেওয়া অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
এআইএল/সকালবেলা