মোল্লাহাটে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ণ
মোল্লাহাটে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। 

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার গাংনী ইউনিয়নের দাড়িয়ালা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো— দাড়িয়ালা গ্রামের মোস্তাইন শেখের মেয়ে লামিয়া আক্তার জান্নাতি (১০) ও মোস্তাক শেখের মেয়ে সামিয়া (৯)। তারা দুজনই স্থানীয় দাড়িয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়দের বরাতে মোল্লাহাট থানার উপপরিদর্শক (এসআই) প্রসেন কুমার সানা জানান, রোববার সকাল ৭টার দিকে পরিবারের কাউকে না জানিয়ে লামিয়া ও সামিয়া বাড়ির পাশের একটি মাছের ঘেরে শাপলা তুলতে যায়। সাঁতার না জানার কারণে একজন পানিতে পড়ে গেলে অপরজন তাঁকে উদ্ধার করতে গিয়ে দুজনই পানিতে তলিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

এসআই আরও জানান, সকাল ৮টার দিকে এক প্রতিবেশী ঘেরে সামিয়ার লাশ ভাসতে দেখে স্বজনদের খবর দেন। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পানির নিচ থেকে লামিয়াকেও উদ্ধার করা হয়। দুজনকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দুই শিশুর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন