নামাজ শেষে ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় মুসল্লির মৃত্যু

প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ণ
নামাজ শেষে ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় মুসল্লির মৃত্যু

সাঈদ পান্থ, বরিশাল: মসজিদে জামায়াতের সঙ্গে ফজরের নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে বেপরোয়া গতির ইজিবাইকের ধাক্কায় মো. ফারুক সরদার (৫৫) নামে এক মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় রুস্তম আলী মীর (৬৫) নামে আরও এক মুসল্লি গুরুতর আহত হয়েছেন।

রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোর ছয়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক সরদার ওই গ্রামের আব্দুল হামিদ সরদারের ছেলে।

স্বজনরা জানান, ফজরের নামাজ শেষে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফেরার সময় পিছন থেকে আসা একটি দ্রতগতির ইজিবাইক তাঁদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারুক সরদারকে মৃত ঘোষণা করেন।

গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, ঘাতক ইজিবাইকটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন