ছাতকে ৪ লেন সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন
এনামুল কবির মুন্না, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে যানজট নিরসন ও যাতায়াত ব্যবস্থার আধুনিকায়নে বহুল প্রতীক্ষিত ৪ লেন সড়ক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ছাতক ট্রাফিক পয়েন্টে ৯৯ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর গোবিন্দগঞ্জ-ছাতক-দোয়ারাবাজার আঞ্চলিক সড়কের চেইনেজ ৯.৩ থেকে ১৩ কিলোমিটার পর্যন্ত অংশকে ৪ লেনে উন্নীতকরণের এই প্রকল্প বাস্তবায়ন করছে। প্রাক্কলিত ৯৯ কোটি ২৭ লাখ ৬ হাজার ৭৯০ টাকা ব্যয়ের এই উন্নয়ন কাজের মেয়াদ নির্ধারণ করা হয়েছে ১৮ মাস।
প্রকল্পের আওতায় প্রধান সড়কের পাশাপাশি ডিভাইডার, আধুনিক বাস স্টপ, ড্রেনেজ ব্যবস্থা, ফুটপাত, সড়ক সংকেত ও প্রয়োজনীয় ঢাল সংরক্ষণের কাজ সম্পন্ন করা হবে। সড়কটি বাস্তবায়িত হলে ছাতক শহরের দীর্ঘদিনের তীব্র যানজট নিরসনের পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে আশা প্রকাশ করেন সংসদ সদস্য।
উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা