এসিল্যান্ডের স্বাক্ষর জাল করায় কলাপাড়ায় সহকারী আটক

প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ণ
এসিল্যান্ডের স্বাক্ষর জাল করায় কলাপাড়ায় সহকারী আটক

আব্দুল কাইয়ুম আরজু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) স্বাক্ষর জাল করে খতিয়ান জালিয়াতির অভিযোগে কেএম প্রিন্স (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সে স্থানীয় এক দলিল লেখকের সহকারী হিসেবে কাজ করেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে 'ম্যাকটেন হোল্ডিং লিমিটেড' নামের একটি প্রতিষ্ঠানের মৌখিক অভিযোগের ভিত্তিতে উপজেলা ভূমি অফিস থেকে তাঁকে আটক করা হয়। আটক প্রিন্স কলাপাড়া পৌর শহরের এতিমখানা এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী শাম্মী আক্তার জানান, প্রায় তিন মাস আগে তিনি প্রিন্সের কাছে ৭টি দলিলের মিউটিশন (নামজারি) করার জন্য জমা দেন। সম্প্রতি প্রিন্স দুটি দলিলের মিউটিশন কাগজ জমা দিলে কিউআর কোড স্ক্যান করে তা ভুয়া ধরা পড়ে। এতে দেখা যায়, এসিল্যান্ডের স্বাক্ষরের স্ক্যান কপি বসিয়ে জালিয়াতি করা হয়েছে। পরে রোববার দুপুরে ভূমি অফিসে গিয়ে পুলিশ ডেকে তাকে হাতেনাতে ধরিয়ে দেওয়া হয়।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক জানান, এসব জালিয়াতি চক্রের প্রতারণার কারণে বিনিয়োগকারীরা সংকুচিত হয়ে পড়ছেন। এখন পর্যন্ত তাঁর নজরে অন্তত ২৭টি জালিয়াতির ঘটনা ধরা পড়েছে। ভূখণ্ডে আইন অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ড ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৪ ও ৫ ধারায় দণ্ডনীয় অপরাধ এবং এসব চক্রের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন