অপরাধে জড়ালেই ব্যবস্থা: শেরপুর-২ এর নবনির্বাচিত এমপি ফাহিম চৌধুরী

প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৯ অপরাহ্ণ
অপরাধে জড়ালেই ব্যবস্থা: শেরপুর-২ এর নবনির্বাচিত এমপি ফাহিম চৌধুরী

পুলক রায়, শেরপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিপুল ভোটে বিজয়ের পর এক ব্যতিক্রমী ও কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন প্রকৌশলী ফাহিম চৌধুরী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত এই নবনির্বাচিত সংসদ সদস্য স্পষ্ট জানিয়েছেন, দলীয় পরিচয়ে কোনো প্রকার অনৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ড সহ্য করা হবে না।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নালিতাবাড়ী উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত এক বিশাল সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশে তিনি এই সতর্কবার্তা দেন। ফাহিম চৌধুরী বলেন, “দীর্ঘ সময় পর মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। এখন আমাদের কাজ মানুষের সেবা করা। দলীয় পরিচয় ব্যবহার করে কেউ যদি চাঁদাবাজি, দখলদারি, জুয়া, মাদক বা কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়, তবে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।”

সমাবেশে তিনি আরও উল্লেখ করেন যে, অপরাধে সম্পৃক্ততার প্রমাণ মিললে নিজ দলের লোক হলেও তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনি পদক্ষেপ নেওয়া হবে। তিনি নবনির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে কোনো ব্যক্তিগত স্বার্থে অবৈধ সুবিধা নেওয়ার প্রচেষ্টাকে শুরুতেই নাকচ করে দেন।

বক্তব্যকালে ফাহিম চৌধুরী সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের ভোটারদের স্বতঃস্ফূর্ত সমর্থনের কথা উল্লেখ করে তিনি বলেন, “আপনাদের ভালোবাসা ও ঐক্যবদ্ধ সহযোগিতাই আমার এই জয়ের ভিত্তি। আমি নালিতাবাড়ী ও নকলাকে একটি পরিকল্পিত, আধুনিক ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে চাই।”

সমাবেশে উপস্থিত সাধারণ নেতাকর্মীরা এমপির এই সাহসী ও নীতিবাচক অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে স্লোগান দেন এবং এলাকায় সুশাসন প্রতিষ্ঠায় একাত্মতা ঘোষণা করেন। স্থানীয়রা মনে করছেন, এই কঠোর বার্তার মাধ্যমে এলাকায় রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখা সহজ হবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন