ভাঙ্গায় ৭ তলা ছাদ থেকে পড়ে ২ বছরের শিশু গুরুতর আহত
আহমেদ লিওন, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নিজ ভবনের ৭ তলার ছাদ থেকে পড়ে সাফওয়ান (২) নামের এক শিশু অত্যন্ত গুরুত্বর আহত হয়েছে। বর্তমানে শিশুটি ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
আহত সাফওয়ান সৌদি প্রবাসী ইমরান হাওলাদারের ছোট ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, রবিবার (৫ এপ্রিল ২০২৬) বিকেলে শিশুটি তার খালা ও বোনের সঙ্গে ভাঙ্গা থানার পাশের নিজ ভবনের ছাদে গিয়েছিল। খেলার একপর্যায়ে সে একটি চেয়ারে উঠে রেলিং ধরে উঁকি দিতে গিয়ে অসাবধানতাবশত ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায়।
ছাদ থেকে পড়ার পর শিশুটি মাথায় প্রচণ্ড আঘাত পায়। এতে তার মাথার হাড় ভেঙে ভেতরে ঢুকে গেছে বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে রেফার করেন।
সাফওয়ানের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। একমাত্র শিশুপুত্রের জীবন বাঁচাতে তারা দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা কামনা করেছেন।
স্থানীয়রা জানান, বহুতল ভবনের ছাদে শিশুদের নিয়ে চলাচলের ক্ষেত্রে রেলিংয়ের উচ্চতা ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি, অন্যথায় এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা রোধ করা কঠিন।
এ.আই.এল/সকালবেলা
|