মহম্মদপুরে ডাক বাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশ: শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ণ
মহম্মদপুরে ডাক বাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলা ডাক বাংলোর নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। 

শনিবার (৪ এপ্রিল ২০২৬) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই ডুপ্লেক্স ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী

ভিত্তিপ্রস্তর স্থাপন পরবর্তী অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী বলেন, “প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের সংবিধান অনুযায়ী স্বাধীনভাবে দায়িত্ব পালনের কথা থাকলেও অতীতে তাদের ওপর প্রভাব খাটিয়ে ভোট কাটানোসহ নানা অনিয়ম করানো হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকার বিশেষ করে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি)-দের বাধ্য করে এসব কর্মকাণ্ডে সম্পৃক্ত করেছিল।”

তিনি আরও যোগ করেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিতে হবে। ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক চাপ প্রয়োগ করে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করা হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জানানো হয়, নতুন ডাক বাংলো ভবনটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ২২ লাখ টাকা। ডুপ্লেক্স এই ভবনটি নির্মিত হলে এলাকার প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে এবং সরকারি কর্মকর্তাদের আবাসন ও দাপ্তরিক কাজে সুবিধা হবে।

মাগুরা জেলা প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আলী আহম্মেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:

  • মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খাঁন

  • জেলা প্রশাসক (ডিসি) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ

  • জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ

  • জেলা পরিষদের প্রধান নির্বাহী হাসিনা মমতা

এছাড়াও উপস্থিত ছিলেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইদুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান খাঁন, মোঃ ফারুক হোসেন, আমিনুর রহমান খাঁন এবং প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন