ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
হুসাইন আহমেদ লিওন, ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা: ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ দুই কিশোর নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) সকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা ইন্টারচেঞ্জ এলাকার আন্ডারপাসে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো—ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের প্রবাসী শাহাদাত সর্দারের ছেলে ও মোটরসাইকেল চালক কাউছার আহমেদ রাতুল (১৭) এবং তাঁর বন্ধু উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি গ্রামের কাওছার মাতুব্বরের ছেলে রাজু মাতুব্বর (১৮)।
ভাঙ্গা হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ফরিদপুরগামী ‘গোল্ডেন লাইন পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস এক্সপ্রেসওয়ের ইন্টারচেঞ্জ আন্ডারপাস অতিক্রম করার সময় একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই বাসটি ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।
খবর পেয়ে হাইওয়ে থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় রেফার করা হয়। তবে ঢাকায় নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সেই দুজনের মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল জানান, নিহতদের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
|