ইতালিতে আন্তর্জাতিক সম্মাননা পেলেন ঠাকুরগাঁওয়ের বিলকিস
রাসেল রানা মেহেদী (ঠাকুরগাঁও প্রতিনিধি): ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার প্রত্যন্ত গ্রামের নারী উদ্যোক্তা বিলকিস খাতুন বিপা। দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, কৃষিতে উদ্ভাবনী উদ্যোগ এবং গ্রামীণ নারীদের স্বাবলম্বী করে তোলার অনন্য প্রচেষ্টায় এবার আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি পেয়েছেন তিনি। ইতালিতে বিশ্বের নির্বাচিত ১০০ জন নারীর মধ্যে বাংলাদেশ থেকে একমাত্র নারী হিসেবে আন্তর্জাতিক কৃষি সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।
গত ১৫ অক্টোবর ইতালিতে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক ড. কু দংইউ (Dr. QU Dongyu) আনুষ্ঠানিকভাবে বিলকিস খাতুন বিপার হাতে এই সম্মাননা তুলে দেন।
বিলকিস খাতুন বিপার বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নে। তিনি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলীর পুত্রবধূ। প্রত্যন্ত গ্রামের একজন নারী হয়েও নিজের উদ্যোগ, শ্রম ও নিষ্ঠায় আন্তর্জাতিক পর্যায়ে এমন স্বীকৃতি অর্জন করায় ঠাকুরগাঁওসহ পুরো দেশে আনন্দের আবহ বইছে।
সাফল্যের পেছনের গল্পে জানা যায়, নিজে উদ্যোক্তা হওয়ার পাশাপাশি এলাকার অন্যান্য নারীদের সংগঠিত করে বীজ উৎপাদনে যুক্ত করেছেন বিলকিস। বিশেষ করে পেঁয়াজের বীজসহ বিভিন্ন ধরনের কৃষি বীজ উৎপাদনের মাধ্যমে তিনি গ্রামীণ নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার মূল কারিগর হিসেবে ভূমিকা রাখছেন।
আন্তর্জাতিক এই সম্মাননা প্রাপ্তিতে উচ্ছ্বাস প্রকাশ করে বিলকিস খাতুন বিপা বলেন, "প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে বিশ্বের ১০০ জনের মাঝে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে এমন সম্মাননা পাওয়া অত্যন্ত গর্বের। এই অর্জন আমাকে ভবিষ্যতে কৃষির উন্নয়ন ও নারীদের আরও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে অনুপ্রাণিত করবে।"
এদিকে তাঁর এই অর্জনে অত্যন্ত আনন্দিত ও গর্বিত স্থানীয় বাসিন্দারা। তাঁরা মনে করছেন, বিলকিসের এই আন্তর্জাতিক সাফল্য গ্রামীণ অর্থনীতিতে নারীদের অংশগ্রহণে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং অন্য নারীদের আত্মনির্ভরশীল হওয়ার স্বপ্ন দেখাবে।
এআইএল/সকালবেলা