বড়লেখায় প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার
তিমির বনিক (মৌলভীবাজার প্রতিনিধি): মৌলভীবাজারের বড়লেখায় সুমি জাহান (৩৮) নামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চন্ডিনগর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয়দের মাঝে গভীর রহস্য ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত সুমি জাহান ওই গ্রামের দুবাই প্রবাসী আহাদুজ্জামানের প্রথম স্ত্রী। তিনি ১৭ বছর বয়সী এক কন্যা ও ১১ বছর বয়সী এক পুত্রসন্তানের জননী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় সুমি জাহানের দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। তাঁদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন এবং বড়লেখা থানা-পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ থানায় নিয়ে যায়। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে পরিবারের কারও আনুষ্ঠানিক বক্তব্য জানা যায়নি।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত কাজ চালাচ্ছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এআইএল/সকালবেলা