কিশোরগঞ্জে ‘গ্রামীণ বাজার’ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
নূর আহাম্মদ পলাশ (কিশোরগঞ্জ প্রতিনিধি): দীর্ঘ জটিলতা কাটিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের আমিরগঞ্জ বাজারে (জালালপুর বাজার) ১ কোটি ৮২ লাখ ৪৯ হাজার ৫০০ টাকা ব্যয়ে দুইতলা গ্রামীণ বাজার ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। চারতলা ভবনের উপযোগী ভিত্তির ওপর প্রাথমিকভাবে এই দুইতলা নির্মাণ করা হচ্ছে।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নাধীন ‘দেশব্যাপী গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের’ আওতায় মেসার্স জে. এ. ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি সম্পন্ন করছে।
এর আগে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দেন মহিনন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লিয়াকত আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মারুফ এবং স্থানীয় বাজার কমিটির নেতারা।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লিয়াকত আলী বলেন, নতুন এই ভবন নির্মিত হলে আমিরগঞ্জ বাজারের অবকাঠামোগত আমূল পরিবর্তন হবে, যার মাধ্যমে ব্যবসায়ী ও ক্রেতা উভয় পক্ষই সুফল পাবেন।
উপজেলা প্রকৌশলী মো. আবু সাঈদ জানান, ২০২৩ সালে প্রকল্পটির বাজেট অনুমোদিত হলেও বাজার কমিটির সঙ্গে বিভিন্ন জটিলতার কারণে এতদিন কাজ শুরু করা সম্ভব হয়নি। তবে সব জটিলতা নিরসন করে অবশেষে ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন হলো।
দোকান বরাদ্দের বিষয়ে ইউএনও কামরুল হাসান মারুফ জানান, বাজারে ইতিপূর্বে থাকা ১৭ জন চান্দিনা ভিটির বৈধ দোকানদারের তালিকা ও পূর্ববর্তী দোকানের অবস্থান সংরক্ষিত রয়েছে। নতুন ভবনে তাঁদের আগের অবস্থান অনুযায়ী দোকান বরাদ্দ দেওয়া হবে। তবে লিজ না নেওয়া অবৈধ দোকানদারদের উচ্ছেদ করে নীতিমালা অনুযায়ী যোগ্যদের বরাদ্দ প্রদান করা হবে।
ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে আমিরগঞ্জ বাজার কমিটির সভাপতি মো. মজলু মিয়া, সিনিয়র সহ-সভাপতি সোহরাব উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ আলম নয়নসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা