সলঙ্গায় মারধরের পর তরুণ নিখোঁজ, সন্ধানের আকুল আবেদন

প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ণ
সলঙ্গায় মারধরের পর তরুণ নিখোঁজ, সন্ধানের আকুল আবেদন

জুয়েল রানা (চলনবিল, সিরাজগঞ্জ প্রতিনিধি): সিরাজগঞ্জের সলঙ্গা থানার বড় চৌবিলা এলাকায় মারধরের শিকার হওয়ার পর মো. হৃদয় হোসেন (১৮) নামের এক তরুণ গত ১২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ৮ অক্টোবর রাতে স্থানীয় একটি মুদি দোকানের সামনে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ করেছেন তাঁর বাবা মো. আবু সামা।

ঘটনার পর থেকে ছেলের কোনো সন্ধান না পেয়ে গভীর উদ্বেগ ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবার। ছেলেকে দ্রুত খুঁজে বের করতে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে সলঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন হৃদয়ের বাবা।

লিখিত অভিযোগে মো. আবু সামা উল্লেখ করেন, গত ৮ অক্টোবর রাত আনুমানিক ১১টার দিকে বড় চৌবিলা এলাকায় সবুজের মুদি দোকানের সামনে তাঁর ছেলে হৃদয়কে একা পেয়ে স্থানীয় বাসিন্দা মো. জাহিদুল ইসলাম (৩৫) অতর্কিত হামলা চালান। এ সময় লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে হৃদয়ের চোখেমুখে গুরুতর জখম করা হয়। পরদিন সকালে ছোট ছেলে রাজু আহমেদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে হৃদয়ের সন্ধান শুরু করেন পরিবার, তবে তিনি আর বাড়ি ফেরেননি।

অভিযোগে আরও বলা হয়, হৃদয়ের বাবা ঘটনাটি সম্পর্কে অভিযুক্ত জাহিদুলের কাছে জানতে চাইলে তিনি উল্টো ক্ষিপ্ত হয়ে হুমকি দেন। দোকানদার সবুজের ভাষ্যমতে, মারধরের পর থেকেই হৃদয়ের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবার আশঙ্কা করছে, হৃদয় বড় ধরনের কোনো দুর্ঘটনার বা ক্ষতির শিকার হয়ে থাকতে পারেন।

আবু সামা জানান, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফায় সালিশ-বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। বাধ্য হয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি সহায়তা কামনা করছেন।

এ বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী জানান, লিখিত অভিযোগটি থানায় গ্রহণ করা হয়েছে এবং নিখোঁজ তরুণকে উদ্ধারসহ পুরো ঘটনার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

এআইএল/সকালবেলা