আওয়ামী নেতার বিরুদ্ধে জমি আত্মসাতের অভিযোগ

প্রকাশ: বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ণ
আওয়ামী নেতার বিরুদ্ধে জমি আত্মসাতের অভিযোগ
ভুক্তভোগী মো. আব্দুর রহিম মীর

মোঃ সোহেল রানা, বরগুনা প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলার ৫ নং বুড়ামজুমদার ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম রবের বিরুদ্ধে দোকানের পজিশন (জমি) আত্মসাৎ, প্রতারণা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বেতাগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. আব্দুর রহিম মীর।

ভুক্তভোগীর এজাহার সূত্রে জানা যায়, ২০০২ সালে কাজিরহাট বাজারের দক্ষিণ পাশে মহাসড়কসংলগ্ন একটি দোকানের পজিশন ক্রয়ের উদ্দেশ্যে মো. গোলাম রবের সঙ্গে ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বায়না চুক্তি সম্পাদন ও অর্থ পরিশোধ করেন আব্দুর রহিম মীর। তবে তৎকালীন সময়ে গোলাম রব ইউপি চেয়ারম্যান ও দলীয় পদে থাকার সুবাদে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘ দিনেও জমিটি রেজিস্ট্রি করে দেননি। একপর্যায়ে পুরোনো কাঠের দোকান ঘরটি ভেঙে গেলে সেখানে নতুন ঘর নির্মাণ করতে গেলে গোলাম রব ও তার স্বজনরা তাকে বাধা দেন।

ভুক্তভোগী আব্দুর রহিম মীর বলেন, "জীবনের উপার্জিত সঞ্চয় দিয়ে জমিটি কিনেছিলাম। একাধিকবার স্থানীয়ভাবে সালিশ হলেও কোনো সমাধান মেলেনি। উল্টো তার স্বজনরা আমাকে লাঞ্ছিত ও হত্যার হুমকি দিচ্ছে। ন্যায্য বিচার পেতে ১৭ জুলাই ২০২৬ আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।"

বায়না দলিলের সাক্ষী মো. দলিল উদ্দিন মেম্বার সত্যতা নিশ্চিত করে জানান, তার উপস্থিতিতেই চুক্তিপত্র সম্পাদিত হয়েছিল। প্রভাব খাটিয়ে এতদিন জমি রেজিস্ট্রি দেওয়া হয়নি এবং এখন পুনর্নির্মাণেও বাধা দেওয়া হচ্ছে।

অভিযোগের বিষয়ে কথা বলতে সাবেক ইউপি চেয়ারম্যান মো. গোলাম রবের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ হাওলাদার জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন