জমি বিরোধে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম
মো. দুলাল সরকার, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক দম্পতিকে দুই দফায় কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে।
গতকাল শনিবার (২৭ জুন) রাত ৯টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের পুরাতন চরচাষী গ্রামে এই ঘটনা ঘটে।
হামলায় গুরুতর আহত ব্যক্তিরা হলেন— পুরাতন চরচাষী গ্রামের মৃত হাজী হাফিজ উদ্দিন মেম্বারের ছেলে কাউসার আলম (৪৫) ও তাঁর স্ত্রী ফারজানা আক্তার (৩৫)।
আহত কাউসার আলমের বড় ভাই নুরুল ইসলাম জানান, প্রতিবেশী মুক্তার হোসেন ও মনির হোসেনদের সাথে তাঁদের দীর্ঘ দিন ধরে জায়গা-জমি ও সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল রাতে মুক্তার ও মনিরের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাঁদের বাড়িতে হামলা চালায়। তাঁরা দুই দফায় কাউসার আলম ও তাঁর স্ত্রীর ওপর চড়াও হয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে।
হাসপাতালে চিকিৎসাধীন কাউসার আলম অভিযোগ করে বলেন, "প্রথম দফায় হামলাকারীরা আমাকে বাড়িতে না পেয়ে আমার স্ত্রীকে একা পেয়ে পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে আমি দ্রুত বাড়ি ফিরে স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করাই। এরপর রাতে হাসপাতালে থেকে পুনরায় বাড়ি ফিরলে, তাঁরা আমাকে ঘর থেকে ডেকে বের করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।"
ঘটনার পর থেকে অভিযুক্ত মুক্তার হোসেন, মনির হোসেন ও তাদের সহযোগীরা পলাতক থাকায় এ বিষয়ে তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য বা মতামত জানা সম্ভব হয়নি।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে স্বামী-স্ত্রীকে মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এআইএল/সকালবেলা
|