মাদারীপুরের ডাসারে বিদায়ী ও নবাগত ইউএনওকে সংবর্ধনা এবং পুরস্কার বিতরণ
বি.এম. হানিফ, ডাসার (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের ডাসার উপজেলা প্রশাসনের উদ্যোগে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার এবং নবাগত উপজেলা নির্বাহী অফিসার জনাব তানজিল পারভেজ-এর সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত আড়ম্বরপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জনাব আনিছুর রহমান।
সরকারি প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, ডিকে আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদুর রহমান, ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন তালুকদার, যুবদল নেতা নুরুজ্জামান তালুকদার, ডাসার উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও সাংবাদিক আতিকুর রহমান আজাদ এবং মোফাজ্জেল হোসেনসহ স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী ইউএনও'র সফল ও দায়িত্বশীল কর্মকালের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী অফিসার জনাব তানজিল পারভেজকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে ডাসার উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবায় একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন অতিথিরা।
অনুষ্ঠান শেষে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।