সোনারগাঁওয়ে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক
মো. মুক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পবিত্র কোরআন শরিফ অবমাননাকারী, বৈষম্যবিরোধী আন্দোলনের আসামি ও মাদকসেবীসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত থেকে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে পুলিশের একাধিক দল এই যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযানে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় অভিযুক্ত নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য হাবিবুর রহমান মৃধা (৪৭), পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সদস্য মো. দেলোয়ার হোসেন (৪৬) এবং ছাত্রলীগ সদস্য মো. রাজিমকে (২২) গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া সাদিপুর ইউনিয়নের বরাব গ্রামের মসজিদে প্রবেশ করে পবিত্র কোরআন শরিফ অবমাননার অভিযোগে ইয়া নবী (৩৬) নামে এক যুবককে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে আটক করে পুলিশে দেয় স্থানীয় জনতা।
অভিযানে আরও একজন মাদকসেবী এবং পরোয়ানাভুক্ত আসামি মো. আনোয়ার হোসেন (৩৩), মো. ফয়সাল (২৪) ও জাহিদ হাসানকে গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাস ও মাদক নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এআইএল/সকালবেলা