শাহজাদপুরে নদীতে ডুবে যুবকের মর্মান্তিক মৃত্যু
মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা থেকে পড়ে গিয়ে বড়াল নদীতে ডুবে সজীব (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সজীব ওই গ্রামের মজিদের ছেলে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে নৌকায় চড়ে বাঘাবাড়ির উদ্দেশ্যে রওনা হন সজীব। পথিমধ্যে রাউতারা এলাকায় পৌঁছালে তিনি হঠাৎ নৌকা থেকে নদীতে পড়ে যান। নদীর তীব্র স্রোতে মুহূর্তের মধ্যেই পানির নিচে তলিয়ে যান তিনি। স্থানীয় ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক উদ্ধার অভিযান চালায়। কিন্তু তাঁর কোনো সন্ধান না পেয়ে পরে রাজশাহীর ডুবুরি দলকে খবর দেওয়া হয়। পরবর্তীতে রাজশাহী থেকে আসা ডুবুরি দল দুপুর ১২টার দিকে বড়াল নদী থেকে তাঁর লাশ উদ্ধার করে।
উপজেলা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর পারভেজ আহমেদ জানান, খবর পেয়ে তারা তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেন এবং পরে রাজশাহীর ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদী থেকে লাশ উদ্ধার করে।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সন্ধ্যায় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
এআইএল/সকালবেলা