ভুয়া ভিডিও ছড়িয়ে অপপ্রচার: ঢাকা সাইবার ট্রাইব্যুনালে মামলা করলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক
নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে সুপরিকল্পিতভাবে ভিত্তিহীন অপপ্রচার, মানহানি ও সাইবার বুলিংয়ের শিকার হয়ে অবশেষে ঢাকা সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল।
গত ১২ আগস্ট ‘আজাদীর ডাক’ নামক একটি অখ্যাত ও অনিবন্ধিত অনলাইন পোর্টাল এবং ‘Tempo Stand’ নামের একটি টেলিগ্রাম গ্রুপ থেকে কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি নুসরাত জাহান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ এবং জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেলকে জড়িয়ে একটি মানহানিকর ফটোকার্ড ও ভিডিও ছড়ানো হয়। ওই অপপ্রচারে দাবি করা হয়েছিল, কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও বিএনপি নেতা ভিপি সোহেলের ঘনিষ্ঠ এক ছাত্রদল নেত্রীর ভিডিও ভাইরাল হয়েছে। মুহূর্তেই বিভিন্ন বট আইডি ও ফেসবুক গ্রুপের মাধ্যমে এই কুৎসা ও ভুয়া তথ্যটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
ঘটনাটি নিয়ে চারদিকে চাঞ্চল্য সৃষ্টি হলে ‘দৈনিক সকালবেলা’-এর ডেডিকেটেড ফ্যাক্টচেক টিম স্বাধীনভাবে অনুসন্ধানে নামে। একাধিক ডিজিটাল টুল ও তথ্য-উপাত্ত যাচাই করে দেখা যায়, ভাইরাল হওয়া ১ মিনিট ৪৬ সেকেন্ডের ওই ভিডিওটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
ফ্যাক্টচেক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রচারিত ভিডিওটি নুসরাত জাহানের নয় এবং এর সঙ্গে কিশোরগঞ্জের ওই রাজনৈতিক ব্যক্তিত্বদের দূরতম কোনো সম্পর্কও নেই। প্রকৃতপক্ষে, প্রায় এক বছর আগে ‘Indian Sex Stories3.com’ নামের একটি পর্নোগ্রাফিক ওয়েবসাইটে প্রকাশিত এক ভারতীয় তরুণীর পুরোনো ভিডিও সংগ্রহ করে তা অত্যন্ত সুকৌশলে ছাত্রদল নেত্রী নুসরাতের নামে চালিয়ে দেওয়া হয়েছে। মূলত একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে এই ভুয়া ফটোকার্ড ও ভিডিও তৈরি এবং তা বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার করেছে।
এ ধরনের গর্হিত সাইবার অপরাধ, চরিত্রহনন ও মানহানিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবেই ট্রাইব্যুনালে এই মামলা দায়ের করা হয়েছে বলে সংশ্লিষ্ট আইনি সূত্রে জানা গেছে।