কাতার থেকে ২ কার্গো এলএনজি কিনছে সরকার
অনলাইন ডেস্ক: দেশের শিল্পকারখানা ও বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের চাহিদা মেটাতে সরকারি পর্যায়ে (জি-টু-জি) দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে অতিরিক্ত দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত চলতি বছরের সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) ৪৬তম সভায় এই অনুমোদন প্রদান করা হয়।
অনুমোদিত প্রস্তাবনা অনুযায়ী, কাতার এনার্জির কাছ থেকে কেনা এই অতিরিক্ত এলএনজি কার্গো দুটি আগামী ৬ নভেম্বর ও ২২ নভেম্বর বাংলাদেশে সরবরাহ করা হবে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সিসিজিপি সভায় এই এলএনজি আমদানির প্রস্তাবটি উপস্থাপন করে। সভায় জানানো হয়, আন্তর্জাতিক মূল্যসূচক ‘জেকেএম’ (Japan Korea Marker) থেকে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম শূন্য দশমিক শূন্য দুই মার্কিন ডলার কম নির্ধারণ করা হয়েছে, যা বিদ্যমান দীর্ঘমেয়াদি চুক্তির নির্ধারিত মূল্যের তুলনায় ভিন্ন।