দেশে ২৪ ঘণ্টায় হামে ১১ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক:দেশে মারাত্মক আকার ধারণ করেছে সংক্রামক ব্যাধি হামের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরো ১ হাজার ২৭০ জন এই রোগে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো হামবিষয়ক এক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, বিগত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬ জন, চট্টগ্রামে ২ জন, রংপুরে ২ জন এবং সিলেট ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন।
প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৫৭ জনের শরীরে নতুন করে হামের লক্ষণ পাওয়া গেছে। এতে করে দেশে মোট সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৮৩ হাজার ৪৪৯ জনে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৮৫১ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে দেশের বিভিন্ন হাসপাতালে ১ লাখ ৬২ হাজার ৪৮ জন রোগী ভর্তি হয়েছিলেন। চিকিৎসা সেবা শেষে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৫ হাজার ৬১২ জন। চিকিৎসকরা সবাইকে শিশুদের সময়মতো প্রতিরোধক টিকা প্রদানের তাগিদ দিয়েছেন।