জ্বালানি তেলের কারণে বাড়ল লঞ্চের ভাড়া
অনলাইন ডেস্ক: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ধারাবাহিকতায় বাসের পর এবার যাত্রীবাহী লঞ্চের ভাড়াও বাড়াল সরকার। প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের পরবর্তী দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে ২০ পয়সা করে লঞ্চের ভাড়া বাড়ানো হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে নৌযান মালিকদের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় নৌযান মালিক সমিতি ১৫ শতাংশ ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছিল। তবে সাধারণ যাত্রীদের আর্থিক দিক বিবেচনা করে সার্বিকভাবে ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বৃদ্ধি করা হয়েছে। একই সাথে লঞ্চের সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রী বলেন, "হঠাৎ করে ভাড়া বাড়ানো সরকারের কাম্য ছিল না। তবে বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে তেলের দাম বাড়ানো ছাড়া বিকল্প ছিল না। জনদুর্ভোগের কথা মাথায় রেখেই আমরা বৃদ্ধিটা যথাসম্ভব কম রাখার চেষ্টা করেছি, যাতে তেলের দামের অজুহাতে নৌপথে কোনো নৈরাজ্য বা স্বেচ্ছাচারিতা সৃষ্টি না হয়।"
এর আগে সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছিল। তার পরপরই দুপুর গড়াতেই লঞ্চের নতুন ভাড়ার হার প্রকাশ করা হলো।