ভেজাল সার বিক্রির অপরাধে ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ণ
ভেজাল সার বিক্রির অপরাধে ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

বিশেষ প্রতিনিধি: কুষ্টিয়ার ত্রিমোহনী বাজারে নিমনমানের ভেজাল ডিএপি সার বিক্রির অপরাধে রোহান ট্রেডার্স নামে এক ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সময় উদ্ধার করা ২৫ বস্তা নকল সার জব্দ করে তাৎক্ষণিক ধ্বংস করা হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া সদর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি বিভাগ যৌথভাবে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ইয়াসমিন।

কৃষি বিভাগ জানায়, ত্রিমোহনী বাজারের 'রোহান ট্রেডার্স' নামের সার প্রতিষ্ঠানে ভেজাল ডিএপি সার বিক্রি করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরবর্তীতে উপস্থিত কর্মকর্তাদের উপস্থিতিতে সারের মান পরীক্ষা করে ভেজালের প্রমাণ পাওয়া গেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানের মালিককে ১ লাখ টাকা জরিমানা আদায় করেন। একই সঙ্গে সেখান থেকে পাওয়া ২৫ বস্তা ভেজাল সার জব্দ করে সবার সামনে ধ্বংস করা হয়।

কুষ্টিয়া সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মীর রাকিবুল ইসলাম জানান, ভেজাল ও নিম্নমানের সার ব্যবহারের ফলে ফসলের কাঙ্ক্ষিত ফলন ব্যাহত হয় এবং জমির উর্বরতা শক্তি মারাত্মকভাবে নষ্ট হয়। প্রান্তিক কৃষকদের স্বার্থ ও ফসলের সুরক্ষা রক্ষায় এমন ভেজাল বিরোধী অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন