বালিয়াকান্দিতে যুবকের লাশ উদ্ধার
বিশেষ প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দিতে আমিরুল ইসলাম (৩০) নামের এক যুবকের গলায় গামছা পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার নবাবপুর ইউনিয়নের দুবলাবাড়িয়া গ্রামে নিজ বাড়ির পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পরিবার ও স্থানীয়রা। নিহত আমিরুল ইসলাম ওই গ্রামের আব্দুল খালেক শেখের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টা থেকে মঙ্গলবার ভোর ৫টার মধ্যে যেকোনো সময় এ ঘটনা ঘটে থাকতে পারে। সকালে আমিরুলকে ঘরে দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাঁর বড় ভাই জহিরুল শেখ বাড়ির পাশে একটি মেহগনি গাছের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় আমিরুলকে ঝুলতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে নিচে নামানো হয়।
বালিয়াকান্দি থানার পুলিশ জানিয়েছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চালানো হচ্ছে। এই ঘটনায় অপমৃত্যু মামলাসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
এআইএল/সকালবেলা