মোরেলগঞ্জে নারী হত্যা মামলায় বৃদ্ধ গ্রেফতার
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে মীম আক্তার (২৪) নামে এক স্বামী পরিত্যক্তা শারীরিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যার অভিযোগে নূর মোহাম্মদ হাওলাদার (৭০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রবিবার (২১ জুন) সকাল ৭টার দিকে পুলিশ তাঁকে গ্রেফতার করে রিমান্ডের আবেদনসহ বাগেরহাট জেলা আদালতে সোপর্দ করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (২০ জুন) রাত ৮টার দিকে উপজেলার উত্তর ফুলহাতা গ্রামের ভ্যানশ্রমিক মিলন জোমাদ্দারের প্রতিবন্ধী মেয়ে মীম আক্তার তীব্র শারীরিক যন্ত্রণা নিয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুর সঠিক কারণ ও নেপথ্যের ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মীম আক্তারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ স্থানীয় জনতা অভিযুক্ত নূর মোহাম্মদকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরবর্তীতে মধ্যরাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নূর মোহাম্মদকে নিজেদের হেফাজতে নেয়।
হৃদয়বিদারক এই ঘটনার খবর পেয়ে বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের আশ্বাস দেন। এ ঘটনায় নিহতের পিতা মিলন জোমাদ্দার বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় ধর্ষণচেষ্টাসহ হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলা নং-৩৭, তারিখ: ২১/০৬/২০২৬ খ্রিঃ; ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(৪)(খ) তৎসহ ৩০২ পেনাল কোড ১৮৬০। এই মামলায় নূর মোহাম্মদকে প্রধান ও একমাত্র আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়।
মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "প্রতিবন্ধী নারী মীম আক্তারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের (পোস্টমর্টেম) জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।" তিনি আরও জানান, মামলার একমাত্র আসামি নূর মোহাম্মদ হাওলাদারকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং ঘটনার সুনির্দিষ্ট রহস্য উদ্ঘাটনে আদালতে তাঁর রিমান্ড আবেদন করা হয়েছে।
এআইএল/সকালবেলা
|