প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্যে সংসদে সরকারি ও বিরোধী দলের তীব্র বিতর্ক

প্রকাশ: রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্যে সংসদে সরকারি ও বিরোধী দলের তীব্র বিতর্ক

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের বক্তব্যকে কেন্দ্র করে এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের দেওয়া এক মন্তব্য ঘিরে জাতীয় সংসদে সরকারি দল ও বিরোধী দলের শীর্ষ নেতাদের মধ্যে তীব্র বিতর্ক ও হইচই হয়েছে। আজ রবিবার (২১ জুন) জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা চলাকালে এক পর্যায়ে এই অনির্ধারিত বিতর্কের সৃষ্টি হয়।

বাজেট আলোচনায় নিজের বক্তব্যের শেষ অংশে হান্নান মাসউদ বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী আজকে সংসদে উপস্থিত নেই। উনি বিভিন্ন জনসভায় গিয়ে অসত্য তথ্য দিয়ে বলেন— বিরোধী দল নাকি মিছিল করছে মদের ও সিগারেটের দাম কেন বাড়ানো হলো। এ ধরনের অসত্য বক্তব্য যখন প্রধানমন্ত্রীর কাছ থেকে আসে, তখন আমরা আশাহত হই।" এ সময় সরকারি দলের সংসদ সদস্যরা তীব্র হইচই করে তাঁর বক্তব্যের কড়া প্রতিবাদ জানান। হান্নান মাসউদ আরও অভিযোগ করেন, তাঁরা যখন সংসদে ঋণখেলাপি ও ইসলামী ব্যাংক দখল নিয়ে কথা বলতে চান, তখন প্রধানমন্ত্রী সবাইকে 'জমিদার' আখ্যা দিয়ে মূলত ঋণখেলাপিদের উৎসাহিত করেন।

হান্নান মাসউদের বক্তব্যের পরপরই পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এর তীব্র প্রতিবাদ জানান বিএনপির সংসদ সদস্য জয়নাল আবদিন ফারুক। তিনি এনসিপি সদস্যের বক্তব্যকে ‘সংসদ নেতাকে কটূক্তি’ আখ্যা দিয়ে তা কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ (বাদ দেওয়া) করার দাবি জানান।

এরপর ফ্লোর নিয়ে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জয়নাল আবদিন ফারুকের বক্তব্যের বিরোধিতা করে বলেন, "উনি ঢালাওভাবে অসত্যের দাবি তুলছেন। উনাকে তো সুনির্দিষ্টভাবে বলতে হবে কোন তথ্যটি ভুল ছিল।" নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রীও ভুল করতে পারেন এবং তাঁর বক্তব্যের সমালোচনা করার অধিকার বিরোধী দলের আছে। আমরা গণতন্ত্রের দিকে যেতে চাচ্ছি, কোনো ফ্যাসিবাদের দিকে আবার ফিরে যেতে চাচ্ছি না।

নাহিদ ইসলামের এই মন্তব্যের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিরোধী দলীয় চিফ হুইপের বক্তব্য সঠিক নয়। বিরোধী দলের সদস্য সুনির্দিষ্টভাবে প্রধানমন্ত্রীকে জড়িয়ে অসত্য বক্তব্য দিয়েছেন। এ সময় বিরোধী দল হইচই শুরু করলে স্থানীয় সরকারমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমাদের বলতে দিন। আপনারা ফ্যাসিবাদের কথা বলেন, অথচ ফ্যাসিস্ট আচরণ তো আপনাদের কাছ থেকেই আসছে।" মির্জা ফখরুলও হান্নান মাসউদের বক্তব্যের আপত্তিকর অংশটুকু এক্সপাঞ্জ করার জোর দাবি জানান।

মির্জা ফখরুলের বক্তব্যের পর হান্নান মাসউদ মাইক ছাড়াই দাঁড়িয়ে কিছু বলতে চাইলে ডেপুটি স্পিকার কায়সার কামাল তাঁকে থামিয়ে দিয়ে বলেন, "সংসদে যখন খুশি তখন দাঁড়ানো নিয়ম বহির্ভূত। দয়া করে বসুন, মিস্টার হান্নান মাসউদ।" এ সময় তিনি আরও যোগ করেন, "হান্নান মাসউদ, দয়া করে বসুন। এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ।"

পরিস্থিতি শান্ত করতে এ পর্যায়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ফ্লোর নেন। তিনি ডেপুটি স্পিকারকে অনুরোধ জানিয়ে বলেন, সংসদে বাইরের কোনো প্রসঙ্গ টেনে এনে পরিবেশ নষ্ট করার অনুমতি যেন দেওয়া না হয়। তিনি আরও বলেন, "বাইরের জবাব বাইরে দেব, সংসদের জবাব সংসদে হোক। তবে এটা সত্য নাকি অসত্য—এই ঝগড়ায় যদি আমরা যাই, তাহলে অনেক কিছু আমাদের জন্য হয়তোবা লজ্জাজনক হয়ে যাবে।"

সবশেষে ডেপুটি স্পিকার কায়সার কামাল সংসদকে জানান, পুরো বিষয়টি বিচার-বিশ্লেষণ করে সংসদীয় বিধি অনুযায়ী এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্তব্য করুন