২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন: নিলোফার চৌধুরী মনিকে স্পিকার
অনলাইন ডেস্ক: জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা চলাকালে এক জ্যেষ্ঠ সংসদ সদস্যকে উদ্দেশ্য করে স্পিকারের দেওয়া একটি রসাত্মক মন্তব্য বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বাজেট বক্তৃতায় অংশ নেওয়া সরকারদলীয় সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির জন্য বরাদ্দকৃত নির্ধারিত সময় শেষ হয়ে আসায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন।’
আজ রবিবার (২১ জুন) বিকেলে সংসদ অধিবেশনে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা চলাকালে স্পিকার এই মন্তব্য করেন।
এর আগে বাজেট বক্তৃতায় নিলোফার চৌধুরী মনি সাম্প্রতিক সময়ে সংসদে দেওয়া বিরোধী দলের বিভিন্ন বক্তব্যের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, "গত কয়েকদিন আগে বিরোধী দলের একজন সংসদ সদস্য বলেছেন কওমি মাদরাসায় কোনো বরাদ্দ দেওয়া হয়নি। আমি তাঁকে বলতে চাই— কওমি শব্দের অর্থ গোষ্ঠী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা ব্যক্তির জন্য কাজ করে না। এই দল এবং দেশের নেতা তারেক রহমান সমগ্র বাংলাদেশের সাধারণ মানুষের সার্বিক উন্নয়নের জন্য কাজ করেন।"
তরুণ সংসদ সদস্যদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, সংসদে তরুণদের ৮ জন প্রতিনিধি থাকলেও তাঁরা তরুণদের মূল সমস্যা নিয়ে কোনো কথা বলেন না, তাঁরা শুধু গণভোটের দাবি নিয়ে কথা বলেন।
বক্তব্যের একপর্যায়ে তিনি বিরোধী দলের অন্য এক সংসদ সদস্যের পারিবারিক পরিচয় নিয়ে আক্রমণ করে বলেন, "একজন সংসদ সদস্য তাঁর পিতা জীবিত থাকার পরও সংসদে তাঁকে 'মুক্তিযুদ্ধে শহীদ' বলে উল্লেখ করেছেন। সংসদ সদস্য হতে হলে কাউকে মুক্তিযোদ্ধা বা তাঁর সন্তান হতেই হবে— এমন কোনো বাধ্যবাধকতা নেই, জনগণের জন্য কাজ করলেই হয়। কিন্তু তাঁরা অনর্থক অসত্য বক্তব্য দিচ্ছেন।"
নিলোফার চৌধুরী মনির এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে বলেন, সংশ্লিষ্ট সংসদ সদস্য যে কথাটি বলেছিলেন, তা ছিল একটি অনিচ্ছাকৃত ভুল এবং তিনি নিজেও সেটি পরে স্বীকার করেছেন। এটি মূলত 'স্লিপ অব টাং' বা মুখের ভুল ছিল, যা নিয়ে এর আগেও সংসদে ব্যাখ্যা দেওয়া হয়েছে। এরপরই স্পিকার তাঁকে দ্রুত বক্তব্য শেষ করার আহ্বান জানান।
|