নাসিরনগরে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত পান্না সরকার পলাতক

প্রকাশ: রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ণ
নাসিরনগরে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত পান্না সরকার পলাতক

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ৭ বছর বয়সী প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আলাকপুর গ্রামে গত শনিবার (২০ জুন) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। নির্মম এই ঘটনার পর থেকে এলাকায় তীব্র ক্ষোভ ও সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে শিশুটি বাড়ির পাশে খেলাধুলা শেষে পাশের একটি বাড়িতে শনি পূজা দেখতে যাচ্ছিল। পথিমধ্যে একটি নির্জন রাস্তা থেকে অভিযুক্ত পান্না সরকার (১৮) শিশুটিকে জোরপূর্বক কোলে তুলে নেয়। পরে তাকে আলাকপুর লালমোহন সরকার প্রাইমারি স্কুলের দক্ষিণ পাশে একটি নির্জন পাটক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।

অভিযুক্ত পান্না সরকার আলাকপুর গ্রামের মৃণাল সরকারের ছেলে এবং পেশায় একজন রাজমিস্ত্রির সহযোগী। ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে।

ঘটনার প্রায় আধা ঘণ্টা পর ভুক্তভোগী শিশুটি কোনোমতে বাড়িতে ফিরে এসে পরিবারের সদস্যদের কাছে বিস্তারিত জানায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই শিশুটিকে প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য রাত ১টার দিকে তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ তৎপর ভূমিকা গ্রহণ করেছে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করতে পুলিশের একাধিক দল অভিযানে রয়েছে।

তিনি আরও জানান, ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলে তিনি আশ্বস্ত করেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন