মাদকের বিরুদ্ধে সংগ্রাম চলবে: ডা. তাহের
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, "মাদক বর্তমান সমাজের অন্যতম প্রধান ব্যাধি। যে ব্যক্তি মাদকাসক্ত, সে কেবল নিজেকেই ধ্বংস করে না, বরং তার পুরো পরিবার ও সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। একই সাথে সমাজের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড এখন কিশোর গ্যাংয়ের মাধ্যমে সংগঠিত হচ্ছে। একটি সুন্দর ও শান্তিময় চৌদ্দগ্রাম গড়ে তুলতে হলে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। এদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।"
আজ রবিবার (২১ জুন) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার রাজাবাজার থেকে আলকরা শাহ ফখর উদ্দিন সড়কের চেইনেজ প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সড়ক উদ্বোধনের পর মুন্সীরহাট ইউনিয়নের দেড়কোটা বাজার, চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজার এবং সন্ধ্যায় আলকরা ইউনিয়নের কুলাসার দাখিল মাদ্রাসা মাঠে পৃথক তিনটি পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় ডা. তাহের তাঁর অতীত সংসদীয় বক্তব্যের স্মৃতিচারণ করে বলেন, "২০০১ সালে জাতীয় সংসদে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছিলাম। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কটি ভারতের সীমান্তের কাছাকাছি হওয়ায়, কোনো সময় যদি সীমান্ত থেকে কামানের হামলা হয়, তবে এই মহাসড়কটি অচল হয়ে পড়তে পারে। সেই পরিস্থিতিতে বিকল্প যোগাযোগের জন্য এই ‘শাহ ফখর উদ্দিন সড়ক’ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি চালুর ফলে নিরাপদ যাতায়াতের পাশাপাশি যাতায়াতের দূরত্ব ও সময় অনেক কমে আসবে।"
তিনি আরও যোগ করেন, "জনগণের কল্যাণ এবং এলাকার সার্বিক অর্থনৈতিক সমৃদ্ধির জন্য যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন অপরিহার্য। শাহ ফখর উদ্দিন সড়কের এই সম্প্রসারণের মাধ্যমে এ অঞ্চলের মানুষের যাতায়াত ব্যবস্থা যেমন সহজ হবে, তেমনি ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।"
আয়োজিত পথসভাগুলোতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন— জামায়াতে ইসলামীর কুমিল্লা দক্ষিণ জেলা শাখার আমীর অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা এলজিইডি প্রকৌশলী মু. মনিরুজ্জামান, চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমান, উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, চৌদ্দগ্রাম পৌর আমীর মাওলানা ইব্রাহীম, উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন এবং আলকরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার প্রমুখ।
এআইএল/সকালবেলা
|