ভারতের সঙ্গে বিদ্যমান পানিবণ্টন চুক্তিগুলো পর্যালোচনা করা হচ্ছে: পানিসম্পদ মন্ত্রী
অনলাইন ডেস্ক: ভারতের সঙ্গে বিদ্যমান পানিবণ্টন চুক্তি ও সমঝোতা স্মারকগুলো সরকার নতুন করে পর্যালোচনা করছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। অভিন্ন ও আন্তঃসীমান্ত নদীগুলোর পানির ন্যায্য হিস্যা আদায়ে বর্তমান সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ ও বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন তিনি।
আজ রবিবার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ১১তম কার্যদিবসে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
পানিসম্পদ মন্ত্রী সংসদকে বলেন, "বিদ্যমান চুক্তি ও দ্বিপক্ষীয় সমঝোতাগুলো মূল্যায়ন করে নতুন চুক্তি সম্পাদন, যৌথ নদী কমিশনকে (জেআরসি) আরও শক্তিশালী ও কার্যকর করা হচ্ছে। একই সাথে অববাহিকাভিত্তিক সমন্বিত পানি ব্যবস্থাপনা গড়ে তুলতে ভারত, নেপাল, ভুটান ও চীনের সাথে যৌথভাবে কাজ করার উদ্যোগ নিয়েছে সরকার।"
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নুরুল ইসলামের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "জাতীয় স্বার্থ রক্ষা এবং দেশের সামগ্রিক পানিসম্পদ ব্যবস্থাপনা, কৃষি, মৎস্য, পরিবেশ রক্ষা ও আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের জন্য পদ্মা ব্যারাজ প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাস্তবসম্মত। দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে প্রকল্পটি নতুনভাবে যাচাই-বাছাই করে অনুমোদন দেওয়া হয়েছে। এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় টেকনিক্যাল ব্যবস্থাপনা গ্রহণের পাশাপাশি বিশেষজ্ঞ পরামর্শক নিয়োগের কাজ চলছে।"
এদিকে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার প্রশ্নের জবাবে পানিসম্পদ মন্ত্রী জানান, দেশব্যাপী নদী, নালা, খাল ও প্রাকৃতিক জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছরের মধ্যে ৯ হাজার ৪৬ কিলোমিটার খাল খনন ও পুনঃখননের একটি মেগা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
|