রুহুল কবির রিজভীর সঙ্গে এ্যাব নেতাদের সৌজন্য সাক্ষাৎ
অনলাইন ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব)-এর নেতৃবৃন্দ। আজ রবিবার (২১ জুন) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের সদস্য সচিব প্রকৌশলী শোয়েব বাশরি হাবলুর নেতৃত্বে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, প্রকৌশল খাতের উন্নয়ন এবং ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর কার্যক্রমে জাতীয়তাবাদী চিন্তাধারার প্রকৌশলীদের অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। এছাড়া তরুণ প্রকৌশলীদের নেতৃত্ব বিকাশ এবং রাষ্ট্রগঠনে পেশাজীবীদের ভূমিকা নিয়ে বিস্তারিত মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে রুহুল কবির রিজভী দেশের অবকাঠামোগত উন্নয়ন ও জাতীয় অগ্রযাত্রায় প্রকৌশলী সমাজের অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক মূল্যবোধ, সুশাসন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পেশাজীবী সমাজকে আরও ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি প্রকৌশলীদের দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে জাতীয় উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।
এ্যাবের সদস্য সচিব প্রকৌশলী শোয়েব বাশরি হাবলু সংগঠনের সাংগঠনিক কার্যক্রম এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ্যাবের সম্ভাব্য ভূমিকা সম্পর্কে রুহুল কবির রিজভীকে অবহিত করেন। তিনি জানান, নির্বাচন-পরবর্তী সময়ের জন্য বাংলাদেশের জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ১২টি খাত নিয়ে এ্যাব ইতোমধ্যে পৃথক বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে, যা বর্তমানে খাতভিত্তিক কার্যক্রম পরিচালনা করছে।
এ্যাব নেতারা তাদের বক্তব্যে দেশের বিদ্যুৎ, জ্বালানি, এলজিইডি, পানি সম্পদ ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি খাতে দক্ষ ও জাতীয় স্বার্থে প্রতিশ্রুতিবদ্ধ নেতৃত্ব প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা যোগ্য, মেধাবী ও দেশপ্রেমিক প্রকৌশলীদের বিভিন্ন সরকারি সংস্থার গুরুত্বপূর্ণ পদে নিয়োগ ও পদায়নের দাবি জানান।
সৌজন্য সাক্ষাতে এ্যাবের নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রকৌশলী ফিরোজ আহমেদ, প্রকৌশলী নুর ইসলাম তুষার, প্রকৌশলী রেজাউল করিম প্রধান (মাসুম), প্রকৌশলী আবু সাঈদ চঞ্চল, প্রকৌশলী মাহবুবুর রহমান, প্রকৌশলী শামীম রাব্বি সঞ্চয়, প্রকৌশলী কামরুল হাসান উজ্জ্বল, প্রকৌশলী মো. আহসানুজ্জামান দুলাল এবং প্রকৌশলী মো. আব্দুল মোমিন তালুকদার প্রিন্সসহ অনেকে।
|