ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ বাবা, ভ্রাম্যমাণ আদালতে চাইলেন শাস্তি
বিশেষ প্রতিনিধি: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ইয়াবা সেবনের অপরাধে তোফায়েল মিয়া নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আশ্চর্যের বিষয় হলো, ছেলের মাদকের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে খোদ তার বাবাই ভ্রাম্যমাণ আদালতে ছেলের কঠোর শাস্তির অনুরোধ জানান।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের বাঘবের গ্রামে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সকিনা আক্তার।
দণ্ডপ্রাপ্ত মো. তোফায়েল মিয়া (২৬) ওই গ্রামের খোকা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তোফায়েলকে স্থানীয় লোকজন ইয়াবা সেবনরত অবস্থায় আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেন। এ সময় ছেলের অপরাধের কথা উল্লেখ করে তার বাবা তাকে কয়েক মাস কারাগারে রাখার আকুল আবেদন জানান।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সকিনা আক্তার জানান, মাদকাসক্ত তোফায়েলের অত্যাচারে তার পুরো পরিবার ও এলাকাবাসী অতিষ্ঠ। বাবার অনুরোধ এবং স্থানীয়দের সাক্ষ্যের ভিত্তিতে তাকে তিন মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান, দণ্ডপ্রাপ্ত তোফায়েল জিজ্ঞাসাবাদে মাদকের সঙ্গে জড়িত বেশ কয়েকজনের নাম প্রকাশ করেছেন। জনপ্রতিনিধিদের সহায়তায় যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সাজাপ্রাপ্ত তোফায়েল মিয়া দাবি করেন, তাঁর গ্রামের কালা মিয়া, সফিক মিয়া, তোতা মিয়া, তাজ্জুদ আলী, শাহাব উদ্দিন, এরশাদ মিয়া ও হামিদ মিয়া নামের ব্যক্তিরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তাঁরাই তাকে এই পথে টেনেছেন।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ উল্লাহ ভূঁইয়া বলেন, ভ্রাম্যমাণ আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত যুবককে থানা হেফাজতে রাখা হয়েছে এবং তাঁকে দ্রুত সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হবে। মাদকের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এআইএল/সকালবেলা