পূজায় নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব, তবে অংশ নিলে ঈমান থাকবে না: মুফতী আব্দুল মালেক

প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ণ
পূজায় নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব, তবে অংশ নিলে ঈমান থাকবে না: মুফতী আব্দুল মালেক

সকালবেলা অনলাইন: দেশে বসবাসরত অমুসলিম নাগরিকদের পূর্ণ নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব হলেও উদারতার নামে কোনো মুসলমান পূজায় অংশ নিলে বা সমর্থন করলে তার ঈমান থাকবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতী আব্দুল মালেক।

সম্প্রতি জুমার বয়ানে তিনি বলেন, "ইসলামের মূল ভিত্তি হলো তাওহীদ এবং একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা। আল্লাহ তাআলা চাইলে তাওহীদে বিশ্বাসীদের অন্যান্য অপরাধ ক্ষমা করতে পারেন, কিন্তু শিরকের মতো মহাপাপ ক্ষমা করবেন না। শিরক থেকে মানবজাতিকে দূরে রেখে তাওহীদের ছায়াতলে আনতেই যুগে যুগে নবী-রাসূলদের পাঠানো হয়েছে।"

অমুসলিমদের নাগরিক অধিকার সম্পর্কে খতিব স্পষ্ট করেন যে, ভিন্ন ধর্মের অনুসারীদের নিজস্ব পরিসরে ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা রয়েছে এবং এতে ইসলামের কোনো বিরোধিতা নেই। তারা যেন নিরাপদে তাদের উৎসব সম্পন্ন করতে পারে, সেই পরিবেশ রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব।

তবে আকিদাগত অবস্থান তুলে ধরে তিনি সতর্ক করে দেন যে, কোনো মুসলমান যদি উদারতার অজুহাতে পূজায় শরিক হয় কিংবা পূজাকে সঠিক বলে মনে করে, তবে তার ঈমান থাকবে না। অন্যকে নিরাপত্তা দেওয়া এবং নিজের আকিদা বিসর্জন দিয়ে শিরককে সমর্থন করা এক বিষয় নয়।

বয়ানে বিশ্বনবী (সা.)-এর ক্ষমার দৃষ্টান্ত উল্লেখ করে মুফতী আব্দুল মালেক বলেন, তায়েফের ময়দানে চরম আঘাত পাওয়ার পরও মহানবী (সা.) তাদের ওপর ধ্বংস চাননি, বরং নিরাপত্তা দিয়েছিলেন যেন তারা বা তাদের ভবিষ্যৎ প্রজন্ম সত্যের সন্ধান পায়। মুসলমানদেরও নিজেদের আকিদা অক্ষুণ্ণ রেখে সমাজে ইনসাফ ও শান্তি বজায় রাখার তাগিদ দেন তিনি।

এআইএল/সকালবেলা