কয়রায় ৪০ বনজীবীকে নৌকা, জাল ও লাইফ জ্যাকেট হস্তান্তর
কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী কাটমারচর খেয়াঘাটে অসহায় বনজীবীদের জীবনজীবিকা ও সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ৮টায় একটি বিদেশি দাতা সংস্থার উদ্যোগে এলাকার ৪০ জন অসহায় বনজীবীর মাঝে এসব নৌকা, জাল ও লাইফ জ্যাকেট হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেন, "সুন্দরবনের ওপর নির্ভরশীল অসহায় বনজীবীদের জীবনযাত্রার মানোন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিদেশি দাতা সংস্থার এ ধরনের মানবিক উদ্যোগ কয়রার দুস্থ বনজীবীদের স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।" তিনি উপকূলীয় অঞ্চলের সার্বিক উন্নয়নে এ ধরনের কল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।
সহায়তা পেয়ে অনুভূতি প্রকাশ করে উপকারভোগী আরিফুল ইসলাম (৫৯) বলেন, "সুন্দরবনে জীবন বাজি রেখে মাছ ও কাঁকড়া ধরে আমাদের সংসার চলে। এতদিন নিজের নৌকা ও জাল না থাকায় অন্যের ওপর নির্ভর করে খুব কষ্টে দিন কাটাতে হতো। আজ নতুন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট পেয়ে আমাদের বড় উপকার হলো।"
দাতা সংস্থার আঞ্চলিক প্রতিনিধি ও ইউপি সদস্য আবু হাসান জানান, জলবায়ু ঝুঁকি ও প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে বেঁচে থাকা উপকূলীয় বনজীবীদের স্বাবলম্বী ও নিরাপদ উপার্জন নিশ্চিত করাই তাঁদের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মিজানুর রহমান, কয়রা ঘুগরাকাটি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সুজাউদ্দিন, কয়রা হাবিবিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা শেখ সাইফুল্লাহ, মাস্টার নূর কামাল হোসেন এবং শাহাবুদ্দিন মোল্লা প্রমুখ।
এআইএল/সকালবেলা