ভাঙ্গায় ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় আহত ১৫
আহমেদ লিওন, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ঢাকা-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবনাতলা এলাকায় যাত্রীবাহী বাস ও দুটি ট্রাকের মধ্যে এক ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসচালকসহ অন্তত ১৫ জন যাত্রী ও পরিবহন শ্রমিক আহত হয়েছেন।
আজ রবিবার (১৪ জুন) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকা থেকে বরিশাল অভিমুখে যাচ্ছিল ‘আল-আমিন পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস। বাসটি চুমুরদী ইউনিয়নের বাবনাতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মালবাহী ট্রাকের সাথে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঠিক সেই মুহূর্তে প্রথম ট্রাকটির পেছন থেকে আসা অপর একটি দ্রুতগতির ট্রাক ব্রেক করতে না পেরে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকের ওপর সজোরে আছড়ে পড়ে। এতে যানবাহন তিনটি মহাসড়কের ওপরই দুমড়েমুচড়ে যায় এবং এক ভয়াবহ ত্রিমুখী সংঘাতের সৃষ্টি হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথ অভিযান শুরু করে। দুমড়েমুচড়ে যাওয়া বাসের ভেতর থেকে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে আল-আমিন পরিবহনের বাসচালক বাদশা মিয়াসহ ৩ থেকে ৪ জনের অবস্থা অত্যন্ত গুরুতর।
এদিকে, এই ভয়াবহ দুর্ঘটনার কারণে ঢাকা-বরিশাল মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে প্রায় এক ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। পরে হাইওয়ে পুলিশ রেকারের সাহায্যে ক্ষতিগ্রস্ত বাস ও ট্রাকগুলো সড়ক থেকে সরিয়ে নিলে বেলা ১০টার দিকে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সকালবেলা-কে জানান, “খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক তিনটি জব্দ করে বর্তমানে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”
এএল/সকালবেলা
|