আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

প্রকাশ: রবিবার, ২১ জুন ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ণ
আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

অনলাইন ডেস্ক: খুলনা সার্কিট হাউস ময়দানে আয়োজিত ১১-দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে। এই বিপ্লব কোনো বিশেষ দলকে ক্ষমতায় বসানোর জন্য নয়, বরং স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়ানোর জন্য হবে।

সমাবেশে বিএনপিকে উদ্দেশ করে ডা. শফিকুর রহমান বলেন, “আপনারা জাতির সঙ্গে দেওয়া কথা রাখেননি। ভুল সংশোধন করে জনগণের কাতারে আসুন। জনরায়কে সম্মান না করার পরিণতি কী হতে পারে, তা দেখেও যদি শিক্ষা না হয়, তবে আপনাদের শিক্ষা আর জীবনেও হবে না।” তিনি আরও বলেন, সংসদে বিরোধী দল হিসেবে তারা সিংহের মতো লড়াই করবেন। দাবি আদায় না হলে সংসদ থেকে মাঠপর্যায়—সবখানে আন্দোলনের আগ্নেয়গিরি তৈরির হুশিয়ারি দেন তিনি।

সীমান্ত পরিস্থিতি নিয়ে জামায়াত আমির বলেন, ভারত থেকে পুশ-ইনের মাধ্যমে নাগরিকদের অবৈধভাবে বাংলাদেশে পাঠানোর চেষ্টা চলছে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, কোনো আধিপত্যবাদের কাছে দেশ মাথা নত করবে না। যদি কেউ দেশের দিকে কালো হাত বাড়ায়, তবে সেই হাত ভেঙে দেওয়া হবে।

সমাবেশে রাষ্ট্র সংস্কারের ওপর গুরুত্ব আরোপ করেন এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই এই আন্দোলন। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, জুলাই সনদের বাস্তবায়ন এবং রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে সমাবেশে এনসিপি, লেবার পার্টি, খেলাফত মজলিস, জাগপা ও এবি পার্টিসহ ১১-দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন