সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

প্রকাশ: রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ণ
সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সোমবার (২২ জুন) পদত্যাগ করতে পারেন বলে ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা ‘দ্য অবজারভার’ খবর প্রকাশ করেছে। তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সরকারি সূত্র এ দাবি নাকচ করে দিয়ে জানিয়েছে, স্টারমার দেশের শাসনকার্য পরিচালনার দিকেই সম্পূর্ণ মনোযোগী।


গত কয়েক মাস ধরেই কিয়ার স্টারমারের নেতৃত্বের ওপর চাপ সৃষ্টি হচ্ছিল। শুক্রবার (১৯ জুন) উপ-নির্বাচনে তার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহ্যাম জয়লাভ করার পর এই সংকট চরম আকার ধারণ করে। নিয়ম অনুযায়ী, দলের ভেতরে স্টারমারকে নেতৃত্ব চ্যালেঞ্জ করতে হলে বার্নহ্যামের সংসদ সদস্য হওয়া আবশ্যক ছিল, যা তিনি নিশ্চিত করেছেন।

‘দ্য অবজারভার’-এর তথ্যমতে, দলের ভেতরে নিজের সমর্থন কমে যাওয়া এবং বার্নহ্যামের এই উত্থান স্টারমারকে পদত্যাগের সিদ্ধান্তের দিকে ঠেলে দিচ্ছে।

ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও সরকারি সূত্রগুলো পদত্যাগের গুঞ্জনকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে। তাদের দাবি, স্টারমার তার দায়িত্ব পালনে অটল আছেন এবং পদত্যাগের কোনো পরিকল্পনা নেই।

এখন দেখার বিষয় সোমবারের পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এবং ব্রিটিশ রাজনীতিতে নতুন কোনো পরিবর্তন আসে কি না।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন