নাসিরনগরে স্বামীর সঙ্গে বিরোধে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ণ
নাসিরনগরে স্বামীর সঙ্গে বিরোধে গৃহবধূর আত্মহত্যা

মো. শরীফ উদ্দিন, নাসিরনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মোবাইল ফোন ব্যবহার নিয়ে স্বামীর সঙ্গে কথা-কাটাকাটির জেরে অভিমান করে কীটনাশক সেবনে খোদেজা বেগম (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

সোমবার (১০ আগস্ট) ভোররাতে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে রোববার রাতে নাসিরনগর উপজেলার ধনকুড়া গ্রামের একটি ভাড়া বাড়িতে তিনি কীটনাশক সেবন করেন।

নিহত খোদেজা বেগম উপজেলার কুলিকুন্ডা উত্তরপাড়ার তারাজ মিয়ার মেয়ে। প্রায় ৯ বছর আগে ধনকুড়া গ্রামের মরম আলীর সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের ছয় বছর বয়সী একটি সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে মোবাইল ব্যবহার করা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে অভিমান করে গৃহবধূ ইঁদুর মারার বিষ পান করেন। অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকেই নিহতের শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনেরা।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, মরদেহের সুরতহাল ও ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন