কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ছাত্রলীগের

প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ণ
কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ছাত্রলীগের

কাঞ্চন কুমার, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে। 

সোমবার (১০ আগস্ট) দিবাগত গভীর রাতে শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম প্রাঙ্গণে নির্মিত স্মৃতিস্তম্ভে এই ঘটনা ঘটে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে অগ্নিকাণ্ড ও উসকানিমূলক স্লোগানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ভাইরাল ভিডিওতে এক ব্যক্তিকে জয় বাংলা স্লোগান দিয়ে 'জুলাই মানি না' এবং বিতর্কিত মন্তব্য করতে শোনা যায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক আলমাস হোসেন জানান, ঘটনাটি অত্যন্ত পরিকল্পিত। আইনশৃঙ্খলা বাহিনীকে পূর্বেই এমন অপ্রীতিকর ঘটনার সম্ভাবনার বিষয়ে সতর্ক করা হয়েছিল বলে জানান তিনি।

ঘটনার খবর পেয়ে মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার এবং কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বরসহ পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ কর্মকর্তারা সিসিটিভি ফুটেজ ও ভিডিও ক্লিপ পর্যালোচনা করে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দৃঢ় আশ্বাস দিয়েছেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন