মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

প্রকাশ: বুধবার, ১২ আগস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ণ
মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

বিশেষ প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে নেশার টাকার জন্য মা ও স্ত্রীকে মারধরের অভিযোগে মাইনুল হোসেন নামের এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে মামলা করেছেন তাঁর মা জাহানারা বেগম। মামলার পর পুলিশ অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।

উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ব্রাহ্মন্দিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মাস্টারের ছেলে মাইনুল হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য সে প্রায়ই তাঁর মা জাহানারা বেগম ও স্ত্রী মিম আক্তারকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে বাধ্য হয়ে মা জাহানারা বেগম বাদী হয়ে বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন।

মামলা গ্রহণের পর আদালত মাইনুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে বাবুগঞ্জ থানা পুলিশ অভিযুক্ত মাইনুলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। মাদকাসক্ত ওই যুবক গ্রেপ্তার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

মা জাহানারা বেগম ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, তাঁর পরিবারে এক স্বজনের মাদক কারবারের কারণেই মাইনুল মাদকের বিষাক্ত থাবায় পথভ্রষ্ট হয়েছে।

এ বিষয়ে বাবুগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, মাইনুলকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি ওই এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িতদের ওপর পুলিশের কড়া নজরদারি ও তদন্ত অব্যাহত রয়েছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন