ঢাবিতে সমকামিতার অভিযোগে ২ শিক্ষার্থীর সিট বাতিল
সকালবেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলে ‘সমকামিতার’ অভিযোগে দুই শিক্ষার্থীর আবাসিক হলের সিট বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (১২ আগস্ট) তথ্যটি নিশ্চিত করেছেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান।
তিনি জানান, শিক্ষার্থীদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে হল প্রশাসন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, হলের সিট বাতিলের পর তাদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক বা প্রশাসনিক স্তরে আরও কী ধরনের ব্যবস্থা নেওয়া যায়, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। তবে বিশ্ববিদ্যালয় বিধিমালায় এ সংক্রান্ত নির্দিষ্ট কোনো বিধান আগে থেকে যুক্ত না থাকায় বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক আবাসিক হলে অতিথিদের নিয়ে সমকামিতার অভিযোগ ওঠে। এর মধ্যে একটি হলে বহিরাগতকে নিয়ে আসা এবং অন্যটিতে হল ছাত্র সংসদের এক নেতার যুক্ত থাকার অভিযোগ বেশ আলোচনার জন্ম দেয়। সে সময়ও অভিযুক্ত এক নেতার সিট সাময়িকভাবে বাতিল করেছিল হল প্রশাসন, যদিও তিনি ওই অভিযোগ অস্বীকার করেছিলেন।
এআইএল/সকালবেলা
|