আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: অনিন্দ্য ইসলাম অমিত
অনলাইন ডেস্ক: প্রাকৃতিক প্রতিকূলতায় বঙ্গোপসাগরে এলএনজি কার্গো খালাস ব্যাহত হওয়ায় তৈরি হওয়া তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সব কৌশল ইতিবাচকভাবে কাজ করলে বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা থেকেই দেশের বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি দেখা দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
বুধবার দুপুরে সচিবালয়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে প্রতিমন্ত্রী এই মন্তব্য করেন। একই সাথে বিদ্যমান জ্বালানি সংকটের পেছনের কারণ হিসেবে বিগত সরকারের ‘ভুল নীতি’কে অভিযুক্ত করে জনসাধারণের সাময়িক ভোগান্তির জন্য সরকারের পক্ষ থেকে ক্ষমাপ্রার্থনা করেন তিনি।
গ্যাস ও বিদ্যুৎ সংকটের মূল কারণ:
প্রাকৃতিক দুর্যোগ ও সামিট টার্মিনাল: প্রতিকূল আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর অত্যন্ত উত্তাল থাকায় সামিট এলএনজি টার্মিনালে অপেক্ষায় থাকা গ্যাস কার্গো সময়মতো রিলিজ বা খালাস করা যাচ্ছে না।
এক্সিলারেট টার্মিনালের সীমাবদ্ধতা: বর্তমানে এক্সিলারেট টার্মিনাল আংশিক ক্ষমতায় (পার্শিয়াল ক্যাপাসিটি) চালিত হচ্ছে। এটিকে পূর্ণ শক্তিতে রান করাতে গেলে নতুন করে প্রায় ৭২ ঘণ্টার জন্য পুরো বন্ধ রাখতে হবে, যা এই মুহূর্তে একটি বড় চ্যালেঞ্জ।
বিদ্যুৎ উৎপাদনে টানাপোড়েন: প্রতিমন্ত্রী পরিষ্কার করেন, বিদ্যুতকেন্দ্রে মূল চালিকাশক্তি হিসেবে প্রয়োজনীয় গ্যাস সরবরাহ করতে না পারায় তা সরাসরি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে নেতিবাচক প্রভাব ফেলছে।
উত্তরণের কৌশল ও পরামর্শ আহ্বান:
প্রতিমন্ত্রী জানান, সরকার সম্ভাব্য সব বিকল্প পথ খোলা রেখেছে। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক একাধিক প্রতিনিধি দলের সাথে এলএনজি সরবরাহের চুক্তি বাড়াতে আলোচনা হয়েছে এবং সিভিল সোসাইটি ও প্রযুক্তি বিশেষজ্ঞদের পরামর্শ চাওয়া হচ্ছে। তিনি সাধারণ জনগণ এবং সংবাদকর্মীদের কাছ থেকেও গঠনমূলক পরামর্শ বা সমাধান থাকলে তা সাদরে গ্রহণ করবেন বলে উল্লেখ করেন।
বিগত সরকারের অপরিকল্পিত নীতিকে দায়ী করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, "যখন আপনি দীর্ঘমেয়াদী সমাধানের পথে না গিয়ে তাৎক্ষণিক সমাধানের পথ বেছে নেবেন, কোনো না কোনো সময় তার মাসুল গুনতেই হতো। বিগত সরকারের কোনো মধ্য বা দীর্ঘমেয়াদী মাস্টারপ্ল্যান না থাকায় আজকের এই সংকট।" প্রকৃতির ওপর কারো হাত নেই উল্লেখ করে দ্রুততম সময়ে এলএনজি ডিসচার্জ সম্পন্ন করে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার প্রতিশ্রুতি দেন তিনি।
|