জামালপুরে ভূমি কর্মকর্তার শাস্তির দাবিতে মানববন্ধন

প্রকাশ: রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:২৪ অপরাহ্ণ
জামালপুরে ভূমি কর্মকর্তার শাস্তির দাবিতে মানববন্ধন

ডা. আজাদ খান, স্টাফ রিপোর্টার : জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) মেহেদী জামান বাপ্পীর বিরুদ্ধে গ্রাহক হয়রানি, জালিয়াতি ও নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। তাঁর দ্রুত অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসী।

আজ রোববার (১২ জুলাই) সকাল ১১টায় নরুন্দি বাজারস্থ ইউনিয়ন ভূমি অফিসের সামনের প্রধান সড়কে 'স্থানীয় সর্বস্তরের জনগণ'-এর ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে নরুন্দি ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা শত শত নারী-পুরুষ ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, মেহেদী জামান বাপ্পী দায়িত্ব গ্রহণের পর থেকেই নরুন্দি ইউনিয়ন ভূমি অফিস দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। নামজারি (মিউটেশন), জমির খাজনা, দাখিলাসহ ভূমি-সংক্রান্ত যেকোনো সেবার ক্ষেত্রে সরকার নির্ধারিত ফির বাইরে মোটা অঙ্কের অতিরিক্ত অর্থ (ঘুষ) দাবি করা হয়। দাবি পূরণ না করলে সেবাপ্রার্থীদের ফাইল মাসের পর মাস আটকে রেখে চরম হয়রানি করা হচ্ছে।

মানববন্ধনে বক্তব্য দেন মো. মাসুদ রানা, বীর মুক্তিযোদ্ধা আলী আক্কাস ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. হেলাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তারা অভিযোগ করে বলেন, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে প্রকৃত মালিককে বাদ দিয়ে অন্যের নামে জমির রেকর্ড সংশোধন, ভুয়া পর্চা ও জাল দাখিলা তৈরির মতো গুরুতর অপরাধ করছেন ওই কর্মকর্তা। এছাড়া সেবা নিতে আসা সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও প্রবীণদের সঙ্গে তিনি নিয়মিত দুর্ব্যবহার করেন।

কর্মসূচিতে অংশ নেওয়া এক ভুক্তভোগী কান্নাজড়িত কণ্ঠে বলেন, মাসের পর মাস ভূমি অফিসে ঘুরেও তিনি ন্যায্য সেবা পাননি, উল্টো টাকা না দেওয়ায় তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এলাকাবাসী অবিলম্বে এই দুর্নীতিবাজ কর্মকর্তার নিরপেক্ষ তদন্ত ও বিভাগীয় শাস্তির দাবি জানান।

এদিকে অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত উপ-সহকারী ভূমি কর্মকর্তা মেহেদী জামান বাপ্পীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন