রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ণ
রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সবুজ ইসলাম, রাণীশংকৈল: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমানের বদলি আদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে বহাল রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার শিবদিঘি যাত্রীছাউনি মোড়ে সর্বস্তরের সচেতন জনগণ ও রাণীশংকৈল উপজেলা উন্নয়ন ফোরামের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন রাণীশংকৈল প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ সরকার, গণ অধিকার পরিষদের প্রতিনিধি মামুনুর রশিদ, প্রভাষক মুজিবুর রহমান, জুলাইযোদ্ধা আল হাবীব, উপজেলা উন্নয়ন ফোরামের সদস্য নাজমুল হোসেন, রেজাউল করিম রাজা, শামসুদ্দিন ইসলাম সাগর ও সিজান মাহমুদসহ অন্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, মজিবুর রহমান রাণীশংকৈলে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদানের পর থেকে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর সময়কালে ভূমি সেবায় সাধারণ মানুষের হয়রানি ও ভোগান্তি কমার পাশাপাশি প্রশাসনিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন এসেছে।

বক্তারা আরও জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, মাদকবিরোধী অভিযান পরিচালনা, নদী ও পরিবেশ রক্ষা এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তাঁর ভুমিকা প্রশংসনীয়। বিশেষ করে ভূমি অফিসের দালালচক্র উৎখাত করে সাধারণ মানুষকে হয়রানিমুক্ত সেবা প্রদানে তিনি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বক্তারা উল্লেখ করেন, রাণীশংকৈলে বর্তমানে নিয়মিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) না থাকায় সীমান্তঘেঁষা এ উপজেলায় মজিবুর রহমানের মতো অভিজ্ঞ কর্মকর্তার উপস্থিতি জরুরি। ফলে জনস্বার্থ বিবেচনায় তাঁর বদলি আদেশ স্থগিত ও বাতিল করে রাণীশংকৈলেই স্বপদে বহাল রাখার জোর দাবি জানানো হয়।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন