মাগুরায় মাদকাসক্ত স্বামীকে কুপিয়ে হত্যা, অন্তঃসত্ত্বা স্ত্রী গ্রেপ্তার

প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ণ
মাগুরায় মাদকাসক্ত স্বামীকে কুপিয়ে হত্যা, অন্তঃসত্ত্বা স্ত্রী গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি: মাগুরার শ্রীপুরে ঘুমন্ত অবস্থায় স্বামী রব্বি মন্ডলকে (৩৫) ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী ফারজানা বেগমের (২৭) বিরুদ্ধে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলার আমতৈল এলাকা থেকে অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ।

নিহত রব্বি মন্ডল পেশায় বালু ব্যবসায়ী ও রাজাপুর গ্রামের নজরুল ইসলাম মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে বিয়ে হওয়া এই দম্পতির ঘরে ৫ বছরের একটি কন্যাসন্তান রয়েছে। অসুস্থ ও অন্তঃসত্ত্বা স্ত্রীর প্রতি স্বামীর উদাসীনতা এবং মাদকাসক্তির কারণে পারিবারিক কলহ তীব্র আকার ধারণ করে। শুক্রবার ভোরে রব্বি ঘরে ফিরে ঘুমিয়ে পড়লে ক্ষোভের বশে দা দিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করে স্ত্রী। পরবর্তীতে সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যান ফারজানা।

শ্রীপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় এবং শ্বশুরবাড়ি থেকে ফারজানাকে গ্রেপ্তার করে। পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারজানা হত্যার কথা স্বীকার করেছেন।

মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, পারিবারিক বিরোধের জেরেই এই নির্মম হত্যাকাণ্ড ঘটেছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন