‘ককটেল বিস্ফোরণ ইস্যুতে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত’
বিশেষ প্রতিবেদক: রাজধানীতে ঘটে যাওয়া সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও নাশকতার বিষয়ে বিতর্কিত মন্তব্যের কারণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মনে করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিয়া।
সম্প্রতি ডিএমপির বিশেষ অভিযানে উদ্ধার হওয়া বিস্ফোরক দ্রব্য ও মুখোশ উদ্ধারের বিষয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপির ওই কর্মকর্তা বলেন, “ককটেল বিস্ফোরণ নিয়ে তিনি এমন বক্তব্য কেন দিয়েছেন, তা খতিয়ে দেখতে অবশ্যই তাঁকে জিজ্ঞাসাবাদ করা উচিত।”
উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে ১১ দলীয় ঐক্যের রাজপথের আন্দোলন নিয়ে কথা বলার একপর্যায়ে তাঁকে বলতে শোনা যায়—তাঁদের উত্থাপিত তিন দফা দাবি সরকার মেনে নিলেই রাজপথে আর ককটেল ফুটবে না। তাঁর এমন বক্তব্যের পরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে প্রতিক্রিয়া জানানো হলো।
এআইএল/সকালবেলা