রংপুরে লায়ন্স ক্লাবের উদ্যোগে প্রায় এক হাজার মানুষকে ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ণ
রংপুরে লায়ন্স ক্লাবের উদ্যোগে প্রায় এক হাজার মানুষকে ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান
রংপুরে লায়ন্স ক্লাবের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প (ফাইল ছবি)

আবু রায়হান, রংপুর ব্যুরো: রংপুরে প্রান্তিক ও সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ‘রংপুর লায়ন্স ক্লাব’ এর উদ্যোগে এবং ‘হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার’-এর সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়িত হয়।

গত বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেরানিরহাট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম পরিচালিত হয়।

দিনব্যাপী চলা এই চিকিৎসা ক্যাম্পে আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় এক হাজার মানুষকে বিনামূল্যে বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। ক্যাম্পে মোট ২০টি সুসজ্জিত বুথের মাধ্যমে চক্ষু, গাইনি, কমিউনিটি মেডিসিন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদ্‌রোগসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা দেওয়া হয়।

ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ পরীক্ষা, উচ্চতা ও ওজন মেপে বিএমআই (BMI) নির্ণয়, চোখের দৃষ্টিশক্তি পরীক্ষা, দন্ত চিকিৎসা এবং গাইনি ও মেডিসিন বিশেষজ্ঞদের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়। এ সময় ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত নতুন রোগীদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি রোগ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পরামর্শ এবং চিকিৎসাসংক্রান্ত তথ্যবই ও ওষুধপত্র বিনামূল্যে বিতরণ করা হয়।

স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধনী ও বিভিন্ন পর্বে উপস্থিত ছিলেন রংপুর লায়ন্স ক্লাবের বিশিষ্ট সদস্য ও সাবেক ক্লাব সভাপতি লায়ন অ্যাডভোকেট আবদুর রশিদ চৌধুরী, সাবেক ক্লাব সভাপতি ও প্রবীণ চক্ষু বিশেষজ্ঞ লায়ন প্রফেসর ডা. মো. আখতারুজ্জামান এবং ২০২৬-২৭ সেবাবর্ষের ক্লাব সভাপতি লায়ন ফরিদ আহমেদ রুমি।

এ সময় আরও উপস্থিত ছিলেন লায়ন মো. আল হেলাল (সাবেক ক্লাব সভাপতি ও রিজিয়ন চেয়ারপারসন, হেডকোয়ার্টার ৩১৫ এ২ বাংলাদেশ), লায়ন মো. আরিফ হোসেন টিটো ও লায়ন মোহাম্মদ শহিদুল ইসলাম তুহিন (সাবেক ক্লাব সভাপতি ও পরিচালক), লায়ন মো. শফিকুল ইসলাম স্বপন, লায়ন আকলাকুল ইসলাম তারেক (ক্লাব সেক্রেটারি), লায়ন মো. গোলাম মোস্তফা টিটু (ক্লাব পরিচালক ও লিও ক্লাব অ্যাডভাইজার), লায়ন রাফিউল হাসান, লায়ন সোহেল আহমেদ লিটন, লায়ন রেজাউল করিম এবং লায়ন মারুফ হোসেন প্রমুখ।

এছাড়াও আয়োজনে বিশেষ সহযোগিতা প্রদান করেন কেরানিরহাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টারের সিইও মো. আনোয়ার হোসেন, পিআরও আবু নাসের সিদ্দিক, ক্যাম্প কো-অর্ডিনেটর মো. জাহিদ হাসান এবং ডা. নিলুফার ইয়াসমিন, ডা. রুকাইয়া ফারজানা ও ডা. শারমিন সুলতানা চৈতির সমন্বয়ে গঠিত চিকিৎসক দল।

আয়োজকরা জানান, লায়ন্স ক্লাব নিয়মিতভাবে ক্যানসার রোগীদের সহায়তা, দুর্যোগ ও বন্যায় ত্রাণ বিতরণ, পরিবেশ সংরক্ষণ, মানবাধিকার রক্ষা, শিক্ষার্থীবান্ধব কর্মসূচি, ক্ষুধা নিবারণ প্রকল্প এবং ফ্রি চক্ষুসেবাসহ নানা ধরনের মানবিক ও সমাজকল্যাণমূলক কাজ করে আসছে। পাশাপাশি হৃদ্‌রোগ সচেতনতা বৃদ্ধিতেও তাদের কার্যক্রম চলমান রয়েছে।

শিবিরে উপস্থিত চিকিৎসকরা রোগীদের নিয়মিত জীবনযাপন ও সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে বিভিন্ন রোগ নিয়ন্ত্রণের উপায় সম্পর্কে পরামর্শ দেন। ভবিষ্যতেও সাধারণ মানুষের দোরগোড়ায় এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

মন্তব্য করুন