দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে পারফর্ম করবেন মার্কিন পপ তারকা কেটি পেরি
অনলাইন ডেস্ক: বিশ্বখ্যাত মার্কিন পপ তারকা কেটি পেরি এবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বছরের সবচেয়ে জমকালো বর্ষবরণ উদযাপনে গান গাইবেন। দুবাইয়ের বিখ্যাত বিলাসবহুল রিসোর্ট ‘আটলান্টিস, দ্য পাম’-এর ঐতিহ্যবাহী নিউ ইয়ার্স ইভ গালা ডিনারে প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন তিনি।
নতুন বছরকে স্বাগত জানানোর এই রাজকীয় রাতে খোলা আকাশের নিচে তারাঝলমলে মঞ্চে পেরি তার কালজয়ী জনপ্রিয় গান—‘ফায়ারওয়ার্ক’, ‘রোর’, ‘ডার্ক হর্স’ ও ‘লাস্ট ফ্রাইডে নাইট’ পরিবেশন করবেন। গাওয়ার পর অনুষ্ঠানটি শেষ হবে ‘আটলান্টিস, দ্য পাম’ থেকে ‘আটলান্টিস দ্য রয়্যাল’ পর্যন্ত পুরো আকাশজুড়ে চোখ ধাঁধানো সুবিশাল আতশবাজির প্রদর্শনীর মাধ্যমে।
আটলান্টিস দুবাই-এর ব্যবস্থাপনা পরিচালক কিম বার্টার আন্তর্জাতিক সংগীত জগতের অন্যতম সফল এই তারকাকে মূল পরিবেশক হিসেবে পাওয়ার আনন্দ ব্যক্ত করে জানান, বছরের এই বিশেষ দিনটিতে বিশ্বমানের বিনোদন পরিবেশন করাই তাদের মূল লক্ষ্য।
‘ব্ল্যাক-টাই’ থিমের এই ঐতিহ্যবাহী গালা ডিনারটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। অতিথিদের জন্য সংবর্ধনা পানীয় পরিবেশনের পাশাপাশি থাকছে ৩০ সদস্যের লাইভ ব্যান্ডের সুরের মূর্ছনা। নৈশভোজে থাকবে লবস্টার, ক্যাভিয়ার ও সুশির মতো সব রাজকীয় বুফে ব্যবস্থা। এ ছাড়া শিশুদের সুবিধার কথা ভেবে আসাতীর টেন্টটিকে রূপান্তর করা হচ্ছে বিশেষ ‘কিডস পার্টি জোন’-এ।