চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিমানবন্দরে ট্রাম্পের নজিরবিহীন অভ্যর্থনা
অনলাইন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্টদের প্রথা ভেঙে এক নজিরবিহীন কূটনৈতিক সৌজন্য দেখালেন ডোনাল্ড ট্রাম্প। রাষ্ট্রীয় সফরে ওয়াশিংটন ডিসিতে আসা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে স্বাগত জানাতে নিজেই সামরিক বিমানঘাঁটিতে উপস্থিত হয়েছেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিস-এর বরাতে জানা গেছে, স্থানীয় সময় বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় চীনা প্রেসিডেন্টকে বহনকারী বিশেষ বিমানটি মার্কিন সামরিক ঘাঁটি ‘জয়েন্ট বেস অ্যান্ড্রুজ’-এ অবতরণ করে। বিমানটি ল্যান্ড করার পরপরই সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে শি জিনপিংকে উষ্ণ অভ্যর্থনা জানান ট্রাম্প। ম্যারিল্যান্ডে অবস্থিত এই বিমানঘাঁটিটি হোয়াইট হাউস থেকে প্রায় ১৩ মাইল দূরে অবস্থিত।
সাধারণত ওয়াশিংটনে আসা বিদেশি রাষ্ট্রপ্রধানদের হোয়াইট হাউসে অভ্যর্থনা জানানোই মার্কিন প্রেসিডেন্টদের প্রচলিত নিয়ম। ১৯৬২ সালে প্রেসিডেন্ট জন এফ কেনেডি আইভরি কোস্টের প্রেসিডেন্টকে এবং অতি সম্প্রতি কয়েকজন পোপের সফরে বুশ ও ওবামা ছাড়া বিমানঘাঁটিতে রাষ্ট্রপ্রধানদের অভ্যর্থনা জানানোর নজির মার্কিন কূটনীতিতে বিরল।
হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি এই উদ্যোগ সম্পর্কে জানান, চলতি বছরের গ্রীষ্মে চীনে অনুষ্ঠিত এক সম্মেলনে প্রেসিডেন্ট শি জিনপিং ডোনাল্ড ট্রাম্পকে অত্যন্ত আন্তরিক আতিথেয়তা দিয়েছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প সেই সৌজন্যের প্রতিদান হিসেবেই বিমানবন্দরে গিয়ে লাল গালিচা সংবর্ধনা দিয়েছেন। আমেরিকান জনগণের সমৃদ্ধি ও জাতীয় স্বার্থ সুরক্ষিত থাকে— এমন যেকোনো পজিটিভ চুক্তির জন্য প্রেসিডেন্ট বিশ্বনেতাদের সঙ্গে চমৎকার সুসম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।