স্ত্রীর সঙ্গে টানাপোড়েন ও প্রেমের গুঞ্জন, গোবিন্দকে অনুপম খেরের বার্তা

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ণ
স্ত্রীর সঙ্গে টানাপোড়েন ও প্রেমের গুঞ্জন, গোবিন্দকে অনুপম খেরের বার্তা

শোবিজ ডেস্ক: বলিউডের নন্দিত অভিনেতা গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার মধ্যকার পারিবারিক অশান্তি এবং সহশিল্পী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে সম্পর্কের মুখরোচক গুঞ্জন নিয়ে এখন তোলপাড় বলিপাড়া। অভিনেতার এই ব্যক্তিগত জীবনের টানাটানি ও বিতর্ক নিয়ে এবার মুখ খুলেছেন তাঁর বহু চলচ্চিত্রের সহকর্মী ও প্রবীণ অভিনেতা অনুপম খের।

এক সাম্প্রতিক সাক্ষাৎকারে গোবিন্দের ওপর সংবাদমাধ্যমের অতিরিক্ত মনোযোগ এবং তাঁর ব্যক্তিগত জীবন প্রসঙ্গে কথা বলতে গিয়ে অনুপম খের জানান, পেশাগত কাজের ওপর ব্যক্তিগত জীবনের ঝামেলাকে কখনোই ছাপিয়ে যেতে দেওয়া উচিত নয়। গোবিন্দের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, "আমার কাজ করা সহশিল্পীদের মধ্যে গোবিন্দ অন্যতম সেরা। তাঁর নাচ, কমেডি টাইমিং ও তৎক্ষণাৎ সংলাপ তৈরির ক্ষমতার সঙ্গে কারও তুলনা চলে না। তবে ব্যক্তিগত কোনো অভ্যাসের কারণে পুরো ক্যারিয়ার ঢাকা পড়ে যাওয়াটা দুঃখজনক।"

সম্প্রতি মুম্বাইয়ের বিখ্যাত ‘লালবাগচা রাজা’ গণপতি মণ্ডপে বিতর্ক উসকে দিয়ে সহশিল্পী কোমল রানি স্বর্ণকারকে সঙ্গে নিয়ে পূজা দিতে যান গোবিন্দ। ঘটনাচক্রে, তার কয়েক ঘণ্টা আগেই সেখানে একা গিয়ে পূজা দেন গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজা। এর পরপরই গোবিন্দ ও কোমল রানির একসঙ্গে উপস্থিতি বলিপাড়ার চলমান পরকীয়া ও বৈবাহিক বিবাদের খবরকে আরও নতুন মাত্রা দেয়।

গোবিন্দের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে অনুপম খের আরও যুক্ত করেন, "আমি তাকে বিচার করার কেউ নই, সে নিজেই তার জীবন সামলাতে সক্ষম। আমি তাকে ফোন করে বলতে চেয়েছিলাম— 'এই কঠিন সময়ও কেটে যাবে'। আমার মনে হয় চারপাশে ঘটে যাওয়া নানা ঘটনায় সে কিছুটা বিপর্যস্ত। কিন্তু সে এখনো হাল ছেড়ে দেয়নি। আমি প্রার্থনা করি, সে যেন আগের চেয়েও বেশি কাজ নিয়ে সগৌরবে ঘুরে দাঁড়ায়।"

চলতি বছরের শুরুর দিকে মুম্বাই বিমানবন্দরে প্রথম একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই গোবিন্দ ও কোমল রানি স্বর্ণকারের ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন ছড়ায়। এবার স্ত্রীর আলাদা ও সহশিল্পীর সঙ্গে একসাথে মণ্ডপ দর্শনের ঘটনার পর বিষয়টি নতুন রূপ নেয়, আর তারই পরিপ্রেক্ষিতে প্রবীণ সহকর্মী হিসেবে বার্তা দিলেন অনুপম খের।

মন্তব্য করুন